ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজ ছাত্রের

লালমনিরহাটের হাতীবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগলকে বাঁচাতে গিয়ে নুর আমিন (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। এ সময় নুর আমিনকে বাঁচাতে গিয়ে তার ভগ্নীপতি জাহেদুল ইসলাম (৩৫) গুরুতরভাবে অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্বসারডুবী ৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে একজন মারা গেছেন। অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কলেজছাত্র নুর আমিন ওই এলাকার আব্দুল মতির ছেলে। তিনি বড়খাতা বিএম কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

 খোঁজ নিয়ে জানা গেছে, নিজ বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে তাদের একটি ছাগল পড়ে যায়। সেই ছাগলটি উদ্ধার করতে নুর আমিন ওই সেপটিক ট্যাংকের ভেতর নামলে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় তার ভগ্নীপতি জাহেদুল ইসলাম তাকে উদ্ধারে জন্য নামার চেষ্টা করলে তিনিও সেখানে আটকে যান। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুর আমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় জাহেদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সায়েদ মোহাম্মদ ইমরান বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবগত করেছেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।