সাভারে রিকশাচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

ঢাকার সাভারে রিকশাচোর সন্দেহে গণপিটুনিতে আবুল খায়ের পাটোয়ারী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ।

এর আগে সোমবার সন্ধ্যায় এক রিকশার গ্যারেজ মালিকসহ দুই ব্যক্তি ওই যুবককে মৃত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর জেলা সদরের কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।

গ্যারেজ মালিক নুরুজ্জামান জানান, সোমবার সকাল ৯টার দিকে তার একটি রিকশা চুরি হয়। পরে রিকশাচালক শুভ তাকে জানান যে চোরকে ধরা হয়েছে। এরপর আটক যুবককে গ্যারেজে এনে রাখা হয়। এ সময় বেশ কিছু লোক জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে চুরি হওয়া রিকশাটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবার থানায় উপস্থিত হয়ে মামলার এজাহার দায়ের করছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক তথ্যানুযায়ী নিহত যুবক চাঁদপুরে থাকতেন। রবিবার পরিবারের কাউকে কিছু না জানিয়ে তিনি হঠাৎ সাভারে চলে এসেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত