শ্রীপুরে চেয়ারম্যানপ্রার্থী জামিল হাসানের প্রার্থিতা বাতিল

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদে মো. জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ মে) নির্বাচন ভবনে শুনানি শেষে এই তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। প্রার্থীর শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।

জামিল হাসান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে  ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। কয়েক দফা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে তাকে তলব করে কমিশন।

এ ছাড়া গেল ৮ মে উপজেলা ভোটে বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিক প্রকাশে ভোট দেওয়ার কমিশনের সামনে এসে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান ইসির অতিরিক্ত সচিব।