দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৫১ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তারা উপজেলা ভোটের তৃতীয় ধাপে লড়াই করছেন।
আজ বুধবার (১৫ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রংপুরে বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫ জন, ঢাকা বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন, কুমিল্লা বিভাগে ৫ জন এবং খুলনা বিভাগে ৪ জন।
এছাড়া বহিষ্কৃতদের মধ্যে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। আর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ার জন্য তিনদফায় ৬৯ জনকে বহিষ্কার করা হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত ১৯৯ জনকে বহিষ্কার করল বিএনপি।