গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে আগুন

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশনে এই আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সোয়া ৭টায় ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ট্রেনের ইঞ্জিনচালকসহ অন্যরা এগিয়ে এসে ইঞ্জিনে লাগা আগুন ৭টা ২০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রেনের ইঞ্জিনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ট্রেনটি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশে শ্রীপুর স্টেশন ত্যাগ করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।