মঠবাড়িয়া ও শার্শায় নির্বাচনী সংঘর্ষে হাসপাতালে ১১ জন

নির্বাচনী অফিস বসানো ও প্রচারণাকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া ও যশোরের শার্শায় প্রার্থীদের সমর্থকদের হামলা, সংঘর্ষে সাবেক চেয়ারম্যানসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পটুয়াখালীর বাউফলে প্রতিপক্ষ কুপিয়ে জখম করেছে ইউপি সদস্যকে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

মঠবাড়িয়া (পিরোজপুর) : মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আনারস ও দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় পৃথক মামলায় গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উভয় পক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে উপজেলার মিরুখালী বাজারে আনারস ও দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আনারস প্রতীকের সমর্থক আহত বাবলু তালুকদারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে দোয়াত-কলম প্রতীকের সমর্থক আহত মোস্তফা খানকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি শফিকুল ইসলাম মিরুখালীতে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শার্শা (যশোর) : শার্শায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে অফিস করাকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেক চেয়ারম্যানসহ ছয়জন আহত হয়েছেন। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের গোগা বাজারে এ হামলার ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রশিদসহ (৬০) অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ‘আমরা জসিমের দোকানে বসেছিলাম। আমাদের পক্ষে জনসমর্থন দেখে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়।’

বাউফল (পটুয়াখালী) : বাউফলে নির্বাচনী প্রতিহিংসার জের ধরে আনারস মার্কার সমর্থক সাইদুর রহমান সুমন (৩৬) নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার শাপলাখালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সুমন বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।