বেনাপোল দিয়ে ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টার পর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। ভারতীয় পুলিশ ইমিগ্রেশনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আযহারুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২০ মে) ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় পাসপোট যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবেন। ২১ মে থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। স্বাভাবিক হবে সব ধরনের যাত্রী পারাপার।

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত আন্তর্জাতিক রুটগুলো সিলগালা করা প্রয়োজন। ফলে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধসহ ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে। শুধুমাত্র মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে। ৩ দিন বন্ধ থাকবে ট্যুরিস্ট ভিসায় ভারত যাতায়াত।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, লোকসভা নির্বাচনের কারণে ৩ দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরি মেডিকেল ভিসাধারীরা ভারতে যেতে পারবেন।

অন্যদিকে অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের টহল জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিএসএফ। রাতে সীমান্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।