নির্বাচনী প্রচার কেন্দ্রে আ. লীগ নেতার অগ্নিসংযোগ

তৃতীয় ধাপে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান বেলালের দোয়াত কলম প্রতীকের সমর্থক আওয়ামী লীগ নেতা মো. হাসান উল্লাহ তরফদার রাজার বিরুদ্ধে কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৭ মে) সকাল ১১টার দিকে সাতজনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় কাপ-পিরিচ প্রতীকের সমর্থক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে অভিযোগ দিয়েছেন।

চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান বেলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী রায়হান রহমতুল্লাহ রিমু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (সদ্য অব্যাহতি প্রাপ্ত)।

আসামিরা হলেন মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার এলাকার মৃত আব্দুস সালাম তরফদারের ছেলে মো. হাসান উল্লাহ তরফদার রাজা (৬০), তার ছেলে মো. শাকিব তরফদার (২০) ও একই এলাকার মৃত ছবরের ছেলে মো. মুরাদুজ্জামান (৪০)। এ ছাড়া ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযুক্ত রাজা তরফদার উপজেলা আওয়ামী লীগের সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত ১২টার দিকে মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচের চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্লাহ রিমুর কর্মী-সমর্থকরা নির্বাচনী প্রচার কাজ শেষ করে বাড়ি যান। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পর ওবায়দুর রহমান বেলালের দোয়াত কলম প্রতীকের কর্মী-সমর্থকরা কাপ-পিরিচ প্রতীকের প্রচার কেন্দ্রের ৩০টি চেয়ার ও ২টি টেবিল চুরি করে পালিয়ে যাওয়ার সময় অগ্নিসংযোগ করেন। পরে মানুষের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রচার কেন্দ্রে থাকা কাপ-পিরিচ প্রতীকের লিফলেট, পোস্টার পুড়ে যায়।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, ‘প্রতিপক্ষ দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান বেলাল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করতেই আমার প্রচার কেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। ভোটারদের মাঝে ভয় ভীতি ও ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত ঠেকাতে তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ প্রসঙ্গে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান বেলাল বলেন, ‘বিষয়টি আমি জানি না। আমার নির্বাচন পরিচালনা কমিটির লোকজন জানতে পারে।’

এ বিষয়ে কথা বলতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার মুঠোফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’