স্কুলে লিঙ্গ পরিচয় শেখাবে না যুক্তরাজ্য!

আপডেট : ১৭ মে ২০২৪, ০৮:৩১ পিএম

ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই বিষয়টি নিয়ে নতুন একটি প্রস্তাব পাস করতে যাচ্ছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (১৭ মে) প্রকাশ করা এই প্রস্তাব অনুযায়ী, ব্রিটিশ স্কুলগুলোয় ১৮ বছরের আগ পর্যন্ত শিক্ষার্থীদের জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় শেখানো হবে না।

প্রস্তাবে বলা হয়েছে, সম্প্রতি লিঙ্গ পরিচয় নিয়ে উদ্বেগে ভোগা তরুণ-তরুণীদের হরমোন চিকিৎসার ওপর ‘কড়া সতর্কতা’ জারির ওপর গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিটিশ শিক্ষা বিভাগ বিবৃতিতে বলেছে, নতুন খসড়া নির্দেশিকাতে থাকা প্রস্তাব অনুযায়ী, যেকোনো বয়সের শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতামূলক তত্ত্ব শেখানো থেকে দূরে রাখা হবে। 

ব্রিটিশ শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান বলেন, শিশুরা যাতে অল্প বয়সেই লিঙ্গ পরিচয় সংক্রান্ত জটিল আলোচনার সংস্পর্শে না আসে ও তাদের নিষ্পাপ শৈশব যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই এ প্রস্তাব। নতুন নির্দেশিকাতে সবচেয়ে সংবেদনশীল বিষয়বস্তু সংক্রান্ত শিক্ষার জন্য স্পষ্ট বয়সসীমা অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে লিঙ্গ পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতার বিষয় পড়ানো উচিত নয়।

২০২০ সাল থেকে যুক্তরাজ্যের মাধ্যমিক বিদ্যালয়গুলোয় যৌনশিক্ষা বাধ্যতামূলক করা হয়। ১১ বছর বয়সী শিক্ষার্থীদের থেকে এই বিষয়ক পাঠদান শুরু হয়। কিন্তু লিঙ্গ পরিচয় নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা ক্রমেই দেশটির রক্ষণশীল ও উদারপন্থিদের মধ্যে সাংস্কৃতিক যুদ্ধের বিষয় হয়ে ওঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত