জাসিয়ার তান্ডবে শুরু

গতকাল বিকেএসপির তিন মাঠে শুরু হয়েছে ১০ নারী দলের ঢাকা প্রিমিয়ার লিগ। যেখানে প্রথম রাউন্ডের খেলায় নবাগত জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের শোচনীয় হার হয়েছে শক্তিশালী মোহামেডানের কাছে। দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও কলাবাগান ক্রীড়া চক্র।

বিকেএসপির ১ নম্বর মাঠে মোহামেডান ২৫৪ রানে হারিয়েছে জাবিদ আহসান সোহেল ক্লাবকে। কাশ্মীরের ওপেনিং ব্যাটার জাসিয়া আখতারের বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৫ রানের পাহাড়সম সংগ্রহ পায় মোহামেডান। মাত্র ৬৯ বলে ১৬টি চার ও ৩ ছক্কায় ১০২ রান করেন তিনি। রান তাড়ায় নেমে সাবেকুন নাহারের ঘূর্ণিতে ল-ভ- হয়ে যায় নবাগত ক্লাবটির ক্রিকেটাররা। মাত্র ৩ ওভারে ৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। তাতে গাজীপুরের ক্লাবটি ১৮.৫ ওভারেই গুটিয়ে যায় মাত্র ৫১ রানে।

৩ নম্বর মাঠে সুলতানার ৭৬ রানের সুবাদে ৯ উইকেটে ২১১ রান করে আরেক নবাগত দল আনসার অ্যান্ড ভিডিপি। জবাবে ফারজানা হক পিংকির ১২৩ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৯৪ রানের ইনিংসে ২১ বল হাতে রেখেই লক্ষ্য ছোঁয় রূপালী ব্যাংক। ৪ নম্বর মাঠে  সিটি ক্লাবকে ৬৫ রানে হারায় কলাবাগান।