দুই বছর পর কান্তের ফেরা

প্রায় দুই বছর পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন এনগোলো কান্তে। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের এই মিডফিল্ডার ২০২২ সালের জুনের পর আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিলেন। চোটের কারণে খেলতে পারেননি কাতার বিশ্বকাপ।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলছেন কান্তে। চলতি মৌসুমে সব মিলিয়ে ৪২ ম্যাচে করেছেন চার গোল, অ্যাসিস্ট করেন ছয়টি। ফ্রান্স কোচ দেশম ৩৩ বছর বয়সী কান্তেকে জাতীয় দলে ফেরানো নিয়ে বলেন, ‘ইউরোপে না থাকলেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সে পুরো মৌসুম খেলেছে। সে তার আগের ফিটনেসে ফিরেছে। ওর যে অভিজ্ঞতা, আমি মনে করি ফ্রান্স দল আরও শক্তিশালী হয়েছে।’ দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড জেইর-এমিরি। পিএসজিতে খেলা এই তরুণ এখনো স্কুল পর্যায় পার হননি।

ইউরোর জন্য ফ্রান্সের ঘোষিত দলে আছেন ২৫ জন। এবারের ইউরোয় ২৬ জনের স্কোয়াড দেওয়ার সুযোগ আছে।

ইউরোর জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডসও। ডাচরা অবশ্য দিয়েছে ৩০ সদস্যের প্রাথমিক দল। দলে আছেন চোটের কারণে এক মাস ধরে মাঠের বাইরে থাকা ফ্রেঙ্কি ডি ইয়ং।

ফ্রান্স দল

গোলকিপার : আরেওলা, মাইক মাইগনান, ব্রাইস সামবা। ডিফেন্ডার : জোনাথন ক্লাউস, কোনাতে, উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, মেন্দি, বেঞ্জামিন পাভার্ড, উপামেকানো।

মিডফিল্ডার : কান্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন র‌্যাবিয়ট, আন্তোইন গ্রিজমান, অরেলিয়েঁ চুয়ামেনি, জেইর-এমিরি, ইউসুফ ফোফানা।

ফরোয়ার্ড : কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বারকোলে, উসমান দেম্বেলে, কিংসলে কোমান, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি ও অলিভিয়ের জিরু।