সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক উল্টে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম বলেন, খুলনা পাইকগাছা সড়কের গোনালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।
ওসি আরও জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে এবং ট্রাকটি আটক করা হলেও চালক ট্রাক পালিয়ে গেছে।
দুর্ঘটনায় আহত জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২৫ থেকে ৩০ মন ধান পায়। তারা ধান নিয়ে ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে দুর্ঘটনা ঘটে।
স্থানীয় দোকানী আবুল কালাম আজাদ জানান, খুলনা-পাইকগাছা সড়কের দুই পাশে সম্প্রসারণের জন্য রাস্তা খুঁড়ে রাখার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, তারা গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরিশ্চন্দ্রকাটি এলাকায় পৌঁছে ট্রাকটি উল্টে যায়। এতে ধানের বস্তায় চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।