অস্ত্র বহনকারী ইসরায়েলগামী জাহাজকে বন্দরে ভিড়তে দেয়নি স্পেন

অস্ত্র বহনকারী ইসরায়েলগামী একটি জাহাজকে সাময়িক সময়ের জন্যও নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন সরকার। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এ কথা জানান। খবর দ্য গার্ডিয়ানের।

ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারই প্রথম আমরা এমনটা করেছি। কেননা ওই জাহাজটি ইসরায়েলের জন্য অস্ত্রের চালান বহন করছিল এবং জাহাজটি আমাদের কোনো বন্দরে ভিড়তে চেয়েছিল।

জোসে ম্যানুয়েল আলবারেজ বলেন, ইসরায়েলের জন্য অস্ত্রের চালান নিয়ে যাওয়া কোনো জাহাজ স্পেনের বন্দর ব্যবহারের আবেদন করলে আমাদের সরকার নিয়মতান্ত্রিকভাবে তা প্রত্যাখ্যান করবে। কারণ মধ্যপ্রাচ্যে আর অস্ত্রের প্রয়োজন নেই বরং সেখানে শান্তি দরকার।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, ডেনমার্কের পতাকাবাহী জাহাজটি ভারতের চেন্নাই থেকে ইসরায়েলের হাইফা বন্দরে ২৭ টন বিস্ফোরক দ্রব্য নিয়ে যাচ্ছিল।