গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত জেরে চাচার ছুরিকাঘাতে পাপিয়া বেগম ( ৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি আজমিরুজ্জামান। এর আগে সকালে উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার বিরামেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পাপিয়া বেগম ওই গ্রামের নুরুল ইসলাম মেয়ে।
স্থানীয়রা জানান,পাপিয়া বেগম গত কয়েকদিন আগে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পাপিয়ার চাচা চান্দু মিয়া ও দুলা মিয়া তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগাতে যায়। এ সময় পাপিয়া বেগমের ভাই আরিফুজ্জামান গাছ লাগাতে তাদের বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক হয়। এ সময় পাপিয়া বেগম ঘটনাস্থলে এগিয়ে গেলে দুলা মিয়ার হাতে থাকা ছুরি দিয়ে পাপিয়া বেগমের গলায় আঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় পাপিয়া বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।