খুলনায় তালগাছ থেকে পড়ে জিয়া শেখ (৩৫) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিয়া শেখ খর্ণিয়া উপজেলার ভদ্রদিয়া গ্রামের নূর মোহম্মদ শেখের ছেলে।
জিয়া শেখের চাচাতো ভাই আজিজুল শেখ জানান, জিয়া প্রতিদিন চুক্তিভিত্তিক এলাকার বিভিন্ন মানুষের গাছের ফল পেড়ে সেই ফল স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালাতো। আমরা দুজন সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে একসঙ্গে বের হয়ে খর্ণিয়া বাজারে আাসি। এরপর খর্ণিয়া বাজারের মুদি দোকানদার আব্দুল মজিদ শেখ তার দোকানের সামনে থাকা একটি তাল গাছ থেকে তাল পেড়ে দেওয়ার জন্য ২৫০ টাকার চুক্তি করে। এরপর জিয়া তাল গাছে ওঠে। এ সময় হঠাৎ হাত ফসকে সে দোকানের সামনে পিচের রাস্তার ওপর পড়ে যায় । স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদার হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনা মামলা করতে না চাওয়ায় লাশ দাফনের জন্য প্রশাসনের অনুমতির চেষ্টা চালানো হচ্ছে।