ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ দিন আগামীকাল রবিবার। এদিন ম্যানচেস্টার সিটি বা আর্সেনালের হাতে উঠবে এবারের লিগ শিরোপা।
গেল মৌসুমে অবশ্য আর্সেনালের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে লিগ শেষ করেছিল সিটিজেনরা। আগামীকাল শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে আছে পেপ গার্দিওলার দলই। নিজেদের ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারালেই টানা চতুর্থবারের মতো শিরোপা যাবে সিটির ঘরে।
এবারেরটি সহ শেষ দুই মৌসুমে যে দলটি গার্দিওলাকে সবচেয়ে বেশি চাপে রেখেছে সেটি হলো আর্সেনাল।
তাই তো আর্সেনালকে প্রশংসায় ভাসালেন গার্দিওলা। ভবিষ্যতে আর্সেনাল নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নের উত্তরে গার্দিওলা বলেন, 'আর্সেনাল আমাকে বার্তা দিল…যেটি আমি ভালোভাবেই নিয়েছি। আর্সেনাল খেলোয়াড়দের যে বয়স, তাদের যে কোচ আছে, তারা যেভাবে খেলছে দুই মৌসুম ধরে- তারা দীর্ঘ সময় ধরে থাকবে। এই বার্তাই পেলাম আমরা।'