দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। আজ শনিবার (১৮ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশের বাজারে গত ৩১ দিনে ১৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে গত ৫ দফায় ৯ হাজার ২৯৭ টাকা দাম বাড়িয়েছে সংগঠনটি।
রবিবার (১৯ মে) থেকে নতুন দর কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ৯১৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে গত ৩১ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৬ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। যার মধ্যে ৯ বার দাম কমানো হয়েছে, আর বাড়ানো হয়েছে ৭ বার।
এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১২ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১১ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।