লিটারে ৫ টাকা দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের

৫ টাকা বৃদ্ধির ফলে এখন থেকে এক লিটার সয়াবিন তেলের দাম নির্ধারিত হবে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা।

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

সয়াবিন তেলের ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের প্রেক্ষিতে শুধুমাত্র সয়াবিন তেলে প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীরা সরকারের কাছে ১০ টাকা বাড়ানোর আবেদন করেছিল।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৫ টাকা বৃদ্ধির ফলে এখন থেকে এক লিটার সয়াবিন তেলের দাম নির্ধারিত হবে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা। অন্যদিকে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, বাড়তি পরিবহন চার্জসহ নানা কারণে বেশ কিছুদিন যাবত তেলের মূল্য সমন্বয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছিল ভোজ্য তেলের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। এর আগে এই তেলের দাম ছিল ১৯৫ টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত