চুরির অভিযোগে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ২

লক্ষ্মীপুরে পেঁয়াজ চুরির অভিযোগে আব্দুল ওহাব (৫০) নামে এক ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। শনিবার (১৮ মে) রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা নির্যাতনের ঘটনার সাথে জড়িত দুজনকে আটকের বিষয় নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও ইউপি সদস্য আব্দুর রহিম। এর আগে দুপুরে পর থেকে নির্যাতনের শিকার ব্যক্তির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর টনক নড়ে পুলিশ প্রশাসনের।

জানা গেছে, সম্প্রতি সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার ব্যবসায়ী লেদা গাজীর মুদি দোকান থেকে এক বস্তা পেঁয়াজ চুরি হয়। সেই চুরির চিত্র তার দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অভিযুক্ত আব্দুল ওহাব। আব্দুল ওহাব পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর চাটখিল উপজেলার বাংলা বাজারের বাসিন্দা।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আব্দুল ওহাব সপ্তাহ খানিক পূর্বে ব্যবসায়ী লেদা গাজীর দোকান থেকে এক বস্তা পেঁয়াজ চুরি করে। চুরির ঘটনা দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। শনিবার সকালে ফের আব্দুল ওহাব পোদ্দার বাজারে ঘুরাফেরা করলে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে। পরে অভিযুক্ত ব্যক্তির আত্মীয়-স্বজন আসলে তাকে তাদের কাছে দেওয়া হয়। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মোবাইলে জানান, নির্যাতনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।