জ্বর ও বাতের ব্যথায় কাতর সৌদি বাদশাহ

সৌদি আরবের বাদশাহ সালমান আবারও অসুস্থ হয়ে পড়েছেন। জ্বর এবং জয়েন্টে ব্যথা অনুভব করায় এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় তার মেডিকেল পরীক্ষা করা হবে। রবিবার (১৮ মে) জেদ্দার আল সালাম প্যালেসের রয়্যাল ক্লিনিকে এই পরীক্ষা হবে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ সালমানের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানতে কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

৮৮ বছর বয়সী বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে সৌদির সিংহাসনে আসীন। তার ছেলে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হলেও কার্যত তিনিই দেশটি শাসন করছেন। সৌদি বাদশাহর স্বাস্থ্যের খবর খুব কমই প্রকাশ্যে আসে। তবে গত এপ্রিলে রয়্যাল কোর্ট কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে তার ভর্তির হওয়ার খবর জানিয়েছিল।

এছাড়া ২০২২ সালের মে মাসে শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ওই সময়ে তার কোলোনোস্কপিসহ মেডিকেল পরীক্ষা করা হয়। সে সময় হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাদশাহ সালমান।

এর আগে ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয় তার। তখন তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দিয়েছিল।