স্টার স্পোর্টসের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ রোহিতের

ভারতের অধিনায়ক রোহিত শর্মা গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আইপিএলের ব্রডকাস্টিং চ্যানেল স্টার স্পোর্টসের বিরুদ্ধে। তিনি আশঙ্কা প্রকাশ করেন এমন চলতে থাকলে সমর্থক, ক্রিকেটার ও ক্রিকেটের মধ্যে আস্থার জায়গা ভেঙে পড়বে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার স্পোর্টসে প্রচারিত একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। তাতে রোহিতকে বলতে শোনা যায়, ‘ভাই, অডিওটা বন্ধ করেন, এমন একটা অডিও আমাকে ঝামেলায় ফেলে দিয়েছে।’ মুম্বাইয়ের সাবেক ব্যাটসম্যান ও এখনকার কলকাতা নাইট রাইডার্সের কোচ অভিষেক নায়ারের সঙ্গে সে সময় কথা বলছিলেন রোহিত।

রোহিতের সে অনুরোধ যে রাখা হয়নি, সেটি স্পষ্টই। এরপর আজ এক্সে এক পোস্টে রোহিত লেখেন, ‘ক্রিকেটারদের জীবনটা এখন অনধিকার প্রবেশের জায়গা হয়ে গেছে। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আমাদের ব্যক্তিগত আলোচনা আর প্রতিটা ধাপ রেকর্ড করা হচ্ছে ক্যামেরায়, সেটি অনুশীলনে বা ম্যাচের দিন।’ 

এরপর তিনি বলেন, ‘স্টার স্পোর্টসকে আমার কথা রেকর্ড না করতে বলা হলেও সেটি করা হয়েছে, এরপর সম্প্রচারও করা হয়েছে। এটি গোপনীয়তার লঙ্ঘন।’

এমন চলতে থাকলে সামনে আরও গুরুতর পরিস্থিতি তৈরি হবে বলেও মনে করেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে খেলা রোহিত, ‘এক্সক্লুসিভ কনটেন্টের চাহিদা আর শুধু ভিউ ও এনগেজমেন্টের দিকে নজর থাকলে একদিন এটি সমর্থক, ক্রিকেটার ও ক্রিকেটের মধ্যে আস্থার জায়গাটি নষ্ট করে দেবে।’

রোহিত এরপর যোগ করেছেন, ‘সবার বোধোদয় হোক।’