যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছে একটি বিড়াল। ইঁদুর শিকার বা ঘুমানোর কৃতিত্বের জন্য নয়, বন্ধুত্বপূর্ণ আচরণের স্বীকৃতি হিসেবেই এই ডিগ্রি পাচ্ছে ম্যাক্স নামের বিড়ালটি। সম্প্রতি এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
জানা গেছে, ম্যাক্সকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস। তবে তাকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির। তারা এক ফেসবুক পোস্টে বলেছে, ম্যাক্স বছরের পর বছর ধরে ক্যাসেলটন পরিবারের স্নেহময় সদস্য।
ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশদ্বারের পাশেই বাস করে অ্যাশলে ডাওয়ের পরিবার। সেই পরিবারই বিড়ালটির মালিক। অ্যাশলে ডাও বলেন, বিড়ালটি নিজেই ঠিক করেছিল ক্যাম্পাসে যাবে। এরপর সে শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিতে শুরু করে। শিক্ষার্থীরাও তাকে ভালোবাসে।
ম্যাক্স প্রায় চার বছর ধরে ক্যাম্পাসটির অংশ। শিক্ষার্থীরা যখনই তাকে পথের ধারে দেখতে পায় খুশি হয়। এমনকি তারা ম্যাক্সের সঙ্গে ছবিও তোলে। অ্যাশলে ডাও জানান, সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে বিড়ালটির খোঁজ নেন। তার হাতেই ম্যাক্সের ডিগ্রিটি তুলে দেওয়া হবে।