ভোটের কাশ্মীরে পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত বিজেপি নেতা

  • ভোটের মধ্যে সন্ত্রাসী হামলা কাশ্মীরের দুটি এলাকায়
  • বাড়ির ভেতর ঢুকে বিজেপি নেতাকে গুলি করে সন্ত্রাসীরা
  • আগামীকাল ২০ মে বারামুলা আসনে লোকসভা ভোট
আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:০১ পিএম

আগামীকাল ২০ মে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুলা আসনে লোকসভা নির্বাচনের ভোট। আর ভোটের একদিন আগেই জোড়া হামলায় রক্তাক্ত কাশ্মীর। একটি হামলায় গুলিবিদ্ধ হয়েছে এক দম্পতি। অপরটিতে দক্ষিণ কাশ্মীরের একটি গ্রামের সাবেক পঞ্চায়েত প্রধান মারাই গেলেন। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য ছিলেন।

রবিবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন আইজাজ আহমেদ শেখ। অভিযোগ উঠেছে, তার বাড়ির ভিতরে ঢুকে হামলা চালায় বন্দুকধারীরা। সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগ্নেয়াস্ত্রের ‘ছয়টি আঘাতে’ হাসপাতালে নেয়ার আগেই সাবেক পঞ্চায়েত প্রধান নিহত হন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে একাধিক পোস্ট করেছিলেন আইজাজ। পোস্টগুলো ভাইরালও হয়। এর সঙ্গে খুনের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে অনন্তনাগের পেহলগামে একটি পর্যটন শিবিরে গুলি চালায় বন্দুকধারীরা। সেইসময় আহত হন পর্যটক দম্পতি ফারহা এবং তাবরেজ। তারা জয়পুর থেকে ঘুরতে এসেছিলেন। কাশ্মীর পুলিশ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হন এক পর্যটক দম্পতি

এদিকে লোকসভা নির্বাচনের মধ্যে এমন সন্ত্রাসী হামলার ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা তৈরি হয়েছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হামলার নিন্দা জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ফারুক আবদুল্লা এবং ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা।

আগামী ১ জুন পর্যন্ত ভারতে একাধিক ধাপে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভারত-শাসিত কাশ্মীরে ইতিমধ্যে পাঁচটি আসনের তিনটিতে ভোট হয়েছে। এর মধ্যে উধমপুর ও জম্মু আসনে ভোট হয়েছে ১৯ ও ২৬ এপ্রিল। শ্রীনগরে ভোট হয়েছে ১৩ মে। বাকি দুটি আসনে ভোট হবে ২০ মে এবং ২৫ মে।

ভোটের কারণে বিভিন্ন দল অঞ্চলটিতে প্রচারণা চালাচ্ছে। যদিও ১৯৯৬ সালের পর প্রথমবারের মতো কাশ্মীরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলটি বলেছে, তারা আঞ্চলিক দলগুলোকে সমর্থন করবে। পরিসংখ্যান বলছে, চলতি নির্বাচনে কাশ্মীরে ভোটারদের উপস্থিতি খানিকটা বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে রাজ্যের আধা-স্বায়ত্তশাসিত মর্যাদা বাতিল করার পর এটাই প্রথম জাতীয় নির্বাচন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত