ইরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে হেলিকপ্টারে যারা ছিলেন

হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দুর্ঘটনার কবলে পড়া ওই হেলিকপ্টারটিতে দেশটির আরও কয়েকজন কর্মকর্তা ছিলেন।

আজ রবিবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এ দুর্ঘটনার ঘটে। প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি এখনো খুঁজে পাওয়া যায়নি। সেটিতে থাকা প্রেসিডেন্ট ও অন্য কর্মকর্তারা অক্ষত আছেন কি না, তা-ও জানা যায়নি।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।

আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর আজ হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। এ যাত্রায় প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোনকল করেছিলেন। তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।