ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার ১৩৬ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে নতুন কীর্তি লিখল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। এমন নজির নেই আর কোনো ইংলিশ ক্লাবের।
গত মৌসুমের মতো এবারও গোল মেশিন নামের স্বার্থকতা প্রমাণ করেছেন আর্লিং হালান্ড। লিগের শেষ ম্যাচে কোনো গোল না পেলেও আসরজুড়ে দেখা মিলেছে তার পায়ের জাদুর। তাতে ২৭ বার প্রতিপক্ষের জালে জড়িয়েছেন বল। আর তাতেই এবারও জিতলেন গোল্ডেন বুটের পুরস্কার।
ম্যাচ শেষে গোল্ডেন বুট জয়ী আর্লিং হালান্ড স্কাই স্পোর্টসকে বলেন, 'অবিশ্বাস্য, অসাধারণ। টটেনহ্যামের বিপক্ষে জয়ের পর আমরা জানতাম যে আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। আমি আত্মবিশ্বাসী ছিলাম। কী বলব, আমি অনেক খুশি, ভাষায় প্রকাশ করতে পারব না।'
হালান্ড যোগ করেন, 'এই মৌসুমে শিরোপা জয় কিছুটা সহজ ছিল। গত মৌসুম আরও কঠিন ছিল। কারণ আমি যতটুকু মনে করতে পারি আমরা সেবার এক পর্যায়ে আট পয়েন্ট পিছিয়ে ছিলাম।'