বায়ার্ন মিউনিখকে ইউরোপ শ্রেষ্ঠত্ব এনে দিয়েছিলেন পেপ গার্দিওয়ালা। বলা হয়ে থাকে ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের পেছনে অবদান রয়েছে তার। তার দুই বছর পর ২০১৬ সালের জুলাইতে ম্যানচেস্টার সিটিতে পা রাখেন পেপ গার্দিওয়ালা। টানা ৭ মৌসুম ধরে তার অধীনেই আছে ইংলিশ ক্লাবটি। ২০১৯-২০ মৌসুম বাদে বাকি সব আসরেই জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপা। এবার তো শিরোপা জিতে গড়েছে নতুন এক ইতিহাস।
ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার ১৩৬ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার নতুন কীর্তি লিখেছে সিটি। লিভারপুল তাদের কাছ থেকে একবার শিরোপা ছিনিয়ে নিয়েছিল। গত দুই মৌসুম ধরে আর্সেনাল তাদেরকে দৌড়ের ওপর রাখছে। তবুও শেষ অবধি তারাই জিতছে।
আর তাই তো টানা চতুর্থ লিগ শিরোপা জিতে সিটি কোচ পেপ গার্দিওয়ালা বললেন, 'সময় এখন আমাদের।' ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে তিনি এই কথা বলেছেন।
আর্সেনালের জন্যই তারা নিজেদের সেরাটা বের করতে পেরেছেন বলে মনে করেন। সঙ্গে এবারের লড়াই থেকে একটি বার্তাও পেয়েছেন বলে জানান সিটি কোচ।
তিনি বলেন, 'আর্সেনালের জন্য আমরা নিজেদের খেলার মানটা অন্য এক স্তরে নিয়ে যেতে পেরেছি। এর আগে এটি লিভারপুল করেছে। গত দুই মৌসুম ধরে আর্সেনাল। এই অবিশ্বাস্য লড়াই থেকে একটা বার্তা পেয়েছি, আমরা বুঝে গেছি শিরোপার জন্য এ লড়াই আরও কয়েক বছর জারি রাখবে তারা।'
তিনি যোগ করেন, 'বড় প্রতিভা নিয়ে তরুণ ম্যানেজার আমাদের এই বার্তা পাঠিয়েছে যে আগামী কয়েক বছর আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি যখন এখানে আসি, কেউ যদি বলত আমি সাত মৌসুমে ছয়টি লিগ জিতব, আমি বলতাম তুমি পাগল- কোনোভাবেই এটা সম্ভব না। কারণ ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলসিতে দারুণসব খেলোয়াড়রা। এখন আমাদের সময়কাল। আমরা তারই অংশ।'
৭ মৌসুম সিটিতে কাটিয়ে ৬টিতেই শিরোপা জয়ের পেছনে রহস্যটা কি? জানতে চাইলে গার্দিওয়ালা বলেন, 'আমি জানি না (রহস্যটা কী)। অনেক পরিশ্রম, আমি বলছি না যে আমি খারাপ ম্যানেজার কিন্তু ক্লাব থেকে আমি অবিশ্বাস্য সমর্থন পেয়েছি। আমাদের এই কাজের নৈতিকতা আছে, প্রত্যেকে তাদের কাজ করে এবং প্রতিটি বিভাগ এত গুরুত্বপূর্ণ। এটাই সত্য ও বাস্তবতা।'
গার্দিওয়ালা লড়াই শুরুর দুই মাস আগে থেকেই ছক কষতে শুরু করেন, 'অতীত অভিজ্ঞতা থেকে আমরা দুই মাস বাকি থাকতে শিরোপা নিয়ে চিন্তা করি। নভেম্বর-ডিসেম্বরে এসব নিয়ে ভাবা ভালো নয়। গত মৌসুমে যেখানে আমরা ট্রেবল জিতেছিলাম (আমি মনে করি) কাজটি করা হয়েছে- খুব বিশেষ।'