পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যখন আইপিএল ছাড়ছেন ইংলিশরা তখন উল্টো রথে প্রোটিয়া ও ক্যারিবিয়ান ক্রিকেটাররা। ঘরের মাঠে ২৩ মে থেকে হতে যাওয়া সিরিজের জন্য অধিনায়ক, সহ-অধিনায়কসহ বিশ্বকাপ দলের ৭ সদস্যকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপ দলে থাকা অধিনায়ক রভম্যান পাওয়েল, সহ-অধিনায়ক আলজারি জোসেফ, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, শিমরন হেটমায়ারদের অনুপস্থিতিতে ব্র্যান্ডন কিং-কে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর কিংয়ের ডেপুটির দায়িত্ব পালন করবেন রোস্টন চেজ।
জ্যামাইকার সাবিনা পার্কে ২৩ মে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের ম্যাচগুলো ২৫ ও ২৬ মে। এই সিরিজের জন্য সোমবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বীরোচিত পারফরম্যানসে টেস্ট জেতানো শামার জোসেফ। আইপিএলের ১টি ম্যাচসহ তার টি-২০ অভিজ্ঞতা মাত্র ৩ ম্যাচের। এই সিরিজেই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক।
আইপিএলের প্লে-অফে খেলবেন বলে স্কোয়াডে নেই আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, আলজারি জোসেফ ও শিমরন হেটমায়ার। এর বাইরে কয়েকজন বড় তারকাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে নেই শেই হোপ ও নিকোলাস পুরান। আলজারির বেঙ্গালুরু ও রাদারফোর্ডের কলকাতা আইপিএলের ফাইনালে উঠতে না পারলে তাদের দলে নেবে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ দল:
ব্র্যান্ডন কিং (অধিনায়ক) রোস্টন চেজ, আলিক আথানাজে, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, ম্যাথিউ ফোর্ডে, জেসন হোল্ডার, আকিল হোসেন, শামার জোসেফ, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মতি, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ।
দক্ষিণ আফ্রিকা দল:রাসি ফন ডার ডুসেন (অধিনায়ক), কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, বিজর্ন ফরচুন, ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোটজে, রেজা হ্যান্ডরিক্স, প্যাট্রিক ক্রুগার, উইলান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া, নাকাবা পিটার, রায়ান রিকেলটন, অ্যান্ডিকে ফেলুকায়ো ও তাবরেজ শামসি।