রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনে আবারও রাস্তায় নেমে অবরোধ করেছেন চালকরা।
আজ সোমবার (২০ মে) সকাল পৌনে ১০টার দিকে রামপুরা, বাড্ডা, শাহজাদপুরের মূল সড়ক অবরোধ করেছেন চালকরা। এতে যানচলাচল স্থবির হয়ে পড়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট।
সকাল পৌনে ১০টা থেকে অটোরিকশা চালকরা রামপুরায় বেটার লাইফ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় রামপুরা থানা পুলিশ ও রামপুরা ট্রাফিক পুলিশ।
মতিঝিল ট্রাফিক বিভাগের রামপুরা জোনের সহকারি কমিশনার জানান, অটোরিকশা চালকরা রাস্তায় অবস্থান নিয়েছিলেন। আধা ঘণ্টার মতো সড়কে ছিল। পরে তাদের মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে গতকাল রবিবার দিনভর মিরপুরে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। বিক্ষোভকারীরা কালশী মোড়ে ট্রাফিক পুলিশের একটি বক্স পুড়িয়ে দিয়েছেন। ভাঙচুর করা হয় অন্তত ১০টি যানবাহন।