২৫ তরুণকে নিয়ে নতুন রূপে বিসিবির এইচপি ক্যাম্প

অনেকটা সময় বিরতির পর বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের ক্যাম্প শুরু হতে যাচ্ছে আজ থেকে । আর নতুন রূপে শুরু হতে যাওয়া ক্যাম্পে ডাক পেয়েছেন বিপিএল, ডিপিএলে নৈপুণ্য দেখানো ২৫ জন তরুণ সম্ভাবনাময় ক্রিকেটার। এদের অধিকাংশই এসেছেন অনূর্ধ্ব-১৯ জাতীয় দল থেকে।

আজ রিপোর্টিংয়ের মাধ্যমে শুরু হয়ে থেকে বিভিন্ন ধাপে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ঢাকা, বগুড়া ও রাজশাহীতে চলবে এইচপি ক্যাম্প। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, পুষ্টি ও খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন ও আইন সম্পর্কে ধারণা ও দুর্নীতি বিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে। আগামী ১৫ জুন পর্যন্ত তাত্ত্বিক বিষয়ের এসব কোর্স চলবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এইচপিতে আছেন যারা

ওপেনিং ব্যাটার:

মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।

মিডল অর্ডার ব্যাটার:

আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।

অলরাউন্ডার:

মাহফুজুর রহমান রাব্বী, শেখ পারভেজ জীবন।

স্পিনার

রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।

পেসার

রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান, রোহানত দৌলা বর্ষণ। 

ঢাকা পর্বে তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন। ২১ জুন থেকে ১৮ আগস্ট ক্যাম্প হবে বগুড়া ও রাজশাহীতে। সেখানে ম্যাচ সিনারিও অনুশীলন, নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ২৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ 'এ' ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও ম্যাচ খেলবে এইচপি।