আইপিএলের এবারের আসরের গ্রুপপর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব। প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল কলকাতা নাইট রাইডার্স খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। আইপিএলের এই ম্যাচকে দেখা হচ্ছে দুই ব্যাটিং পাওয়ার হাউজের লড়াই হিসেবে। তবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ^কাপে অস্ট্রেলিয়া দলের পেস আক্রমণে নেতৃত্ব দেবেন এই দুজন। জাতীয় দলের সতীর্থ কামিন্স ও স্টার্ক আজ খেলবেন প্রতিপক্ষ হিসেবে। এবারের আইপিএল নিলামেও স্টার্ক ভেঙেছিলেন কামিন্সের রেকর্ড। প্রথমে কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় হায়দরাবাদ; যা তাকে বানিয়েছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার। তবে কিছুক্ষণ পরই ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে ভেড়ায় কলকাতা।
তবে স্টার্ক নিজের দাম অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ১২ ম্যাচে ১১.৩৬ ইকোনমিতে উইকেট নিয়েছেন ১২টি। পারফরম্যান্সে তার চেয়ে এগিয়ে আছেন কামিন্স। ১৩ ম্যাচে ৯.২৩ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। তবে নিজেদের দিনে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন এই দুই পেসার। কামিন্স নেতৃত্ব দিচ্ছেন সানরাইজার্সকে, অস্ট্রেলিয়ার ভয়ডরহীন ক্রিকেটের মন্ত্রে দীক্ষিত করেছেন ফ্র্যাঞ্চাইজির অন্যদেরও। তাই তো ইগলের মতোই ডানা মেলেছে সানরাইজার্সের ব্যাটিং।
কলকাতার ব্যাটিং লাইনআপে আছেন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন তো হায়দরাবাদে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন। কলকাতার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে অবশ্য খেলেননি হেড। তবে আজ নিশ্চিতভাবেই থাকবেন একাদশে।
আজ খেলা হবে আহমেদাবাদে। এই ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে সুবিধাটা হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কলকাতার। ফাইনালে চলে যাবে তারা। গ্রুপপর্বে কলকাতার সবশেষ দুটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। ফলে দলের কম্বিনেশনটা ম্যাচের ভেন্যু, ম্যাচের দিনের আবহাওয়ার ওপর নির্ভর করেই গড়তে পারে কলকাতা। এবারের আইপিএলে ভিন্ন গ্রুপে ছিল কলকাতা ও হায়দরাবাদ। ফলে গ্রুপপর্বে একটি ম্যাচেই মুখোমুখি হয়েছিল এই দুটি দল। সেই ম্যাচে জিতেছিল কলকাতা।