আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। আজ চলছে এলপিএল এর নিলাম। এলপিএলের এবারের নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন।
সেখানে নাম ছিল তামিম ইকবালেরও। ভিত্তিমূল্য ছিল ৪০ হাজার ডলার। কিন্তু কোনো দলই তাকে কিনে নেয়নি। তার আগে শরিফুল ইসলামের নামও উঠেছিল। তাকেও নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।
তামিম অবশ্য দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি চর্চার বাইরে। সবশেষ স্বীকৃত কোনো টি-টোয়েন্টি তিনি খেলেছিলেন বিপিএলের ফাইনালে।
নিলামের জন্য নিবন্ধিত বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে লিটন দাস ও মুশফিকুর রহিমকে নিলামে তোলা হলেও তাদেরকে নেয়নি কোন দল। মুশফিকের বেস প্রাইজ ছিল ৫০ হাজার ডলার, লিটনের ৩০ হাজার ডলার। নিলামের প্রথমদিকে আনসোল্ড থেকে গেলেন লিটন ও মুশফিক।
নিলামের প্রথম রাউ্ন্ডে দল পাননি বাংলাদেশের দুই ব্যাটসম্যান তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তও। এলপিএলের গত আসরে জাফনার হয়ে খেলেছিলেন হৃদয়। বাংলাদেশের অধিনায়ক শান্তর বেজ প্রাইস ছিল ৪০ হাজার ডলার।
এর আগে শ্রীলঙ্কান বোর্ড নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল।
১ জুলাই থেকে শুরু হবে এবারের এলপিএল।