‘আলুর ব্যাপারীও বিদ্যালয়ের সভাপতি হয়ে শিক্ষকদের নির্যাতনের চেষ্টা করে’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, 'কিছু কিছু মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পদকে ব্যবসা হিসেবে বিবেচনা করে। তাদের (শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি) দ্বারা আমাদের সম্মানিত শিক্ষকরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়।'

আজ মঙ্গলবার (২১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, 'দেখা গেছে আলুর ব্যাপারীও শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হয়ে শিক্ষকদের নির্যাতন করার চেষ্টা করছে। অথচ তিনি শিক্ষার "শ"ও জানেন না। সেই তিনি চেয়ারে বসে আমাদের শিক্ষকদের ওয়াজ-নসিয়ত করেন।'

মহাপরিচালক বলেন, 'অনেক কষ্টের পরে ইতোমধ্যে নীতিমালা করেছি যে, শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে হলে অন্তত উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ভবিষ্যতে এটা মাস্টার্স ডিগ্রি করা হবে।'

তিনি আরও বলেন, 'শিক্ষাগত যোগ্যতা নাই, কিন্তু টাকার জোরে ম্যানেজিং কমিটিতে চলে আসছেন কেউ কেউ। এরপর তিনি শিক্ষকদের ধমক দিয়ে কথা বলবেন। এটা তো শিক্ষকরা মেনে নেবেন না।'