প্রেমের প্রশ্নেও রহস্য জিইয়ে রাখলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

উত্তম-সুচিত্রার পর টালিউডের সফল জুটি বলা হয় প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। দীর্ঘ অনেক বছর তাদেরকে পর্দায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা গেছে। স্বভাবতই এ দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে বহুবার উঠেছে নানা প্রশ্ন। এরপর মাঝে অনেক বছর একসঙ্গে কাজ করেননি তারা।

শোনা যায়, ভুল বোঝাবুঝি দূরত্ব এনেছিল দুজনের মধ্যে। অনেক ভক্তের মনেই প্রশ্ন জাগে, কোনো দিনও কি প্রেম করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা? শুধুই সহকর্মী বা বন্ধু ছিলেন, নাকি আরও কিছু ছিল দুজনের মধ্যে?

ভক্তদের মনে থাকা প্রশ্নকে আরও যেন একটু উসকে দিলেন প্রসেনজিৎ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে বললেন, ‘উত্তম-সুচিত্রার প্রেম ছিল কি ছিল না? থাকুক না, কিছু জিনিস অজানা থাকুক, মানুষ ভাবতে থাকুক। যখন আমরা থাকব না, তখনও যাতে এই আলোচনাটা চলে।’

এ বিষয়ে ঋতুপর্ণার কথায়, ‘আমি তো বলেছি প্রজন্মের পর প্রজন্ম এটাই হাতড়ে যাবে, ওদের মধ্যে সম্পর্ক কী ছিল!’ ঋতুপর্ণার সঙ্গে যোগ করে প্রসেনজিৎ বলেন, ‘সব সম্পর্কের বিশ্লেষণ হয় না। কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে। সেই জায়গাটাকে ছেড়ে রাখাই ভালো।’

আগামী ৭ জুন মুক্তি পেতে যাচ্ছে এই জুটির নতুন সিনেমা ‘অযোগ্য’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তীরা। পর্ণা ওরফে ঋতুপর্ণার প্রাক্তন প্রেমিক চরিত্রে দেখা যাবে প্রসেন ওরফে প্রসেনজিৎ। আর পর্ণার স্বামী রক্তিমের চরিত্রে শিলাজিৎ। তাদের তিনজনের সম্পর্কের ওঠাপড়া, জীবন চলাকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে এই সিনেমা।

১৫ বছর একসঙ্গে এই জুটিকে পাওয়া যায়নি। পরে দুজনে ফিরেছিলেন শিবপ্রসাদ আর নন্দিতার ‘প্রাক্তন’ দিয়ে। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে অভিনয় করেন তারা।