রথের দিন বড় চমক দিলেন প্রসেনজিৎ

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম

রথের দিন বড় চমক দিলেন টলিউড তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি। সম্প্রতি  অভিমান সিনেমায় তাকে দেখা গেছে রকস্টার রূপে। এবার তিনি পর্দায় আসছেন 'ডাক্তার কাকু' হিসেবে।  আজ বৃহস্পতিবার রথের দিন সকাল সকাল প্রকাশ্যে আসে 'ডাক্তার কাকু'র পোস্টার। সেখানেই দেখা যাচ্ছে এক ব্যক্তি স্কুটি চালিয়ে যাচ্ছেন, সামনে আলোর ছটা। রয়েছে আধো আঁধারিতে কিছু বাড়ির অবয়ব।

পোস্টারের পাশাপাশি ছবির মুক্তির দিনও প্রকাশ্যে আনা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর, অর্থাৎ শিক্ষক দিবসের ঠিক প্রাক্কালে মুক্তি পাবে ছবিটি। কিন্তু কেন? কোন গল্প ফুটে উঠবে 'ডাক্তার কাকু' ছবিতে? কেমন হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রটি? আজকাল ডট ইনকে জানালেন প্রযোজক, অভিনেত্রী এনা সাহা। 

‘ডাক্তার কাকু' কি কোনো বাস্তবের চরিত্র অবলম্বনে বানানো হয়েছে? এই প্রসঙ্গে এনা সাহা বলেন, ‘রিয়েল লাইফের কোনো চরিত্র নিয়ে নয় ছবিটি। তবে বাস্তব জীবনে এমন অনেক ডাক্তাররা আছেন যারা এভাবেই মানুষের চিকিৎসা করেছেন নিজেদের কথা না ভেবে, সময় না দেখে। পরিবারকে স্যাক্রিফাইস করে, নিজেদের সময় স্যাক্রিফাইস করে তাঁরা রুগী দেখেন, সেরকমই এক চরিত্রের গল্প ডাক্তার কাকু।’ 

 তিনি এদিন আরও বলেন, ‘এখানে একদিকে বাবা ছেলের গল্প দেখা যাবে, অন্যদিকে একজন ডাক্তারের কথা ফুটে উঠবে। ডাক্তার কাকু এমন একটা চরিত্র যাঁর এথিক্স, আদর্শ, শিক্ষা অত্যন্ত স্ট্রং।’'ডাক্তার কাকু' ছবিতে মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ ছাড়াও দেখা হবে ঋদ্ধি সেন এবং এনা সাহাকে। আর কারা রয়েছেন? অভিনেত্রী এবং এই ছবির প্রযোজক বলেন, ‘বুম্বাদা আঙ্কেল ছাড়া আমি, ঋদ্ধি সেন আছি। তুলিকা বসু আছেন। এছাড়া এমন প্রচুর শিল্পী আছেন যাঁদের আমরা ছোটপর্দায় রোজ দেখি, যেমন সুচন্দ্রা, শ্রীলগ্না চ্যাটার্জি।’ 

ছবিটি পরিচালনা করেছেন পাভেল। তিনিও এই ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছেন। 'ডাক্তার কাকু' ছবিটি মেটাট্রন প্রোডাকশনসের নিবেদনা এবং এনা সাহা ও বনানী সাহার প্রযোজনায় আসছে। 

প্রসঙ্গত, প্রায় বছর পাঁচেক আগে 'ডাক্তার কাকু'কে বড়পর্দায় আনার প্রস্তুতি শুরু করেছিলেন পাভেল। অবশেষে সেই ছবি এই বছর মুক্তি পেতে চলেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত