ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে কেন্দ্রে ঢুকে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পুকুর থেকে ব্যালটভর্তি বক্স উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১ মে) বিকেলে পৌরশহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূঁইয়ার সমর্থক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা ও তার ছোট ভাই শাহীন মোল্লা লোকজন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালটবক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করলে তারা ব্যালটবক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। পরে পুলিশ পুকুরের পানি থেকে ভাসতে থাকা ব্যালট বক্সটি উদ্ধার করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম। এ সময় তিনি ব্যালটবক্সটি দেখে ভোটগুলো অক্ষত অবস্থা থাকায় তা গণনার জন্য প্রিজাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে নির্দেশ দেন।