ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে অমানবিক নির্যাতন, মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদী জেলার সদর মডেল থানার খালপাড় এলাকা থেকে বুধবার (৬ মে) রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দ্বীন ইসলাম (২৭) উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকার ইসহাক মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মামলার অভিযোগে জানা গেছে, ৫ মে যৌতুকের টাকার দাবিকে কেন্দ্র করে স্ত্রী মিম আক্তারতে নির্যাতন করেন দ্বীন ইসলাম। একপর্যায়ে ওই গৃহবধূকে মারধর এবং মাথার চুল কেটে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। এসআই মো. সামছুল হকের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৬ মে নরসিংদী থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
