কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে ছুরিকাঘাতে সফুর আলম নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন টেলিফোন প্রতীকের সমর্থক।
নিহত সফুর আলম একই ওয়ার্ডের মামমোরাপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, টেলিফোন মার্কার সমর্থক দেলোয়ারকে আটক করে রাখেন মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা। এ খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সফুর আলম।
দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে তাকে মোটরসাইকেল প্রতীকের কর্মী-সমর্থকরা আটকে রাখে। খবর পেয়ে তাকে উদ্ধারে ছুটে গেলে সেখানে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ড. সাজ্জাদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।