সাভারে সাবেক স্বামীর ছুরিকাঘাতে আনিসা খাতুন (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক সাবেক স্বামী মোতালেব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকার মাসুদ কামালারে বাড়ির সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত আনিসা খাতুন রংপুর জেলার পীরগঞ্জ থানার পারবোয়ালমারি মেরিপাড়া মহল্লার আনসার আলীর মেয়ে। সে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের বাগবাড়ি মহল্লায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় আকলিমা নামে একটি তৈরি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
পুলিশ জানায়, নিহত পোশাক শ্রমিক আনিসা খাতুনের সঙ্গে এক বছর আগে মোতালেব হোসেন বিয়ের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে আনিসা খাতুন সাভারের হেমায়েতপুর এলাকার বাগবাড়ি মহল্লায় একাই বসবাস করতে এবং একটি পোশাক কারখানায় চাকরি করত। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পোশাক কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় মোতালেব হোসেন স্থানীয় মাসুদের বাড়ির সামনে আনিসাকে একা পেয়ে আবার বিয়ের প্রস্তাব দেন। কিন্তু এসময় আনিসা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মোতালেব ধারালো ছুরি দিয়ে নিহতের গলায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আনিসার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওই পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় ঘাতক সাবেক স্বামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সেখানে ওই ব্যক্তি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
রমজানজুড়ে তারকাদের ইফতারের আয়োজন