নাটোরের বাগাতিপাড়ায় হেরোইনসহ চাম্পা খাতুন (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চম্পা উপজেলার হিজলি পাবনাপাড়া গ্রামের বিল্লাল মুন্সির মেয়ে ও মাদক কারবারি জনির স্ত্রী। বুধবার (২২মে) সকাল ১১ টার দিকে তাকে মাদকসহ আটক করা হয়।
জানা যায়, নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক তাইজুল ইসলামসহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনাপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় চাম্পা খাতুনের বাড়িতে তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করে। পরে ওই নারীকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাম্পা খাতুনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে।