ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের আগুনসন্ত্রাস রুখে দেওয়া হবে: হুইপ দুলু

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পাশের দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী দেশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। পেট্রলবোমা নিক্ষেপ ও থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। তাদের এসব অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে সারা দেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, নিজেদের মধ্যে যতই ভুল-বোঝাবুঝি থাকুক না কেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। জুলাই বিপ্লবের সময় সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা, নির্বিচারে হত্যাকাণ্ড, নারী ও শিশুদের ওপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনা কেউ ভুলে যায়নি। বাংলাদেশে নতুন করে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পাশের দেশে নিরাপদে অবস্থান করে দেশের সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। অগ্নিসন্ত্রাসে উৎসাহিত করে তাদের পাশাপাশি সাধারণ মানুষকেও বিপদের মধ্যে ফেলছেন। দেশের সম্পদ পুড়িয়ে বাংলাদেশকে অকার্যকর প্রমাণের চেষ্টা করছেন। আওয়ামী লীগকে এ দেশে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। দলটির সব অপকর্ম সম্পর্কে দেশের মানুষ সজাগ রয়েছে।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে শহরের কানাইখালি পুরাতন বাস টার্মিনালে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এর আগে জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালি পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত