নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে। আজ বুধবার (২২ মে) বেলা ১২টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আগামী ২৯ মে তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাওয়ার সময় তার গাড়িকে লক্ষ্য করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের আঘাতে সুমন মিয়া আহত হয়। আহত সুমন দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে বিকালে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু হাসপাতালে নিহত সুমন মিয়ার লাশ দেখতে যান। এই ঘটনায় রায়পুরায় উত্তেজনা বিরাজ করছে।