টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তেই ধর্ষণ মামলায় খালাস পেলেন স্বন্দীপ লামিছানে। কিন্তু এবার তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়নি। নেপালের যুক্তরাষ্ট্র দূতাবাস প্রত্যাখ্যান করে তার ভিসা আবেদন।
ঘটনায় হতাশা প্রকাশ করেছেন এই লেগ স্পিনার। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একবার ভিসা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের সিপিএল খেলার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রয়োজন ছিল লামিছানের। কিন্তু সেবারও তাকে প্রত্যাখ্যান করে দূতাবাস। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হতাশ হয়ে পুরোনো পোস্টই শেয়ার দিলেন।
২০১৯ সালের ঘটনা শেয়ার দিয়ে তিনি লিখেন, 'এবং নেপালে যুক্তরাষ্ট্রের দূতাবাস আবার সেটি করল, যেটি ২০১৯ সালে করেছিল। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ভিসা নাকচ করেছে। দুর্ভাগ্যজনক। নেপাল ক্রিকেটের শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি দুঃখিত।’
২০২২ সালে ধর্ষণ মামলায় জড়ান লামিছানে। চলতি বছর জানুয়ারিতে ৮ বছরের কারাদন্ড দেওয়া হয় তাকে। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন এই লেগ স্পিনার। এরপর মুক্তিও পান।
গত ১৫ মে তাকে উচ্চ আদালত মামলা থেকে খালাস দেয়। এরপর নেপাল ক্রিকেট তাকে দলে অন্তর্ভূক্ত করতে সব ধরণের চেষ্টাটাই চালাচ্ছিল। কিন্তু ভিসা নাকচ হওয়ার পর নিশ্চিতভাবেই এ নিয়ে জটিলতায় পড়লো নেপাল ক্রিকেট।