স্লোভাক প্রধানমন্ত্রীর হামলাকারীর অ্যাকাউন্ট মুছে দিল ফেসবুক

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করা সন্দেহভাজন ব্যক্তির অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক। এ বিষয়ে স্লোভাক কর্তৃপক্ষকে অবহিত করেছে মেটা। এছাড়াও তারা কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে বলে নিশ্চিত করেছে।

এনডিটিভি জানিয়েছে, স্লোভাক প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সন্দেহভাজন ব্যক্তি অন্য কোনো গ্রুপের অংশ হয়ে কাজ করেছে কিনা তা খতিয়ে দেখবে।

বুধবার (১৫ মে) গুলিবিদ্ধ হওয়া প্রধানমন্ত্রী ফিকোর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তাকে গুলিবর্ষণের চার দিন পর স্লোভাক কর্মকর্তারা বলেন, হামলাকারী হয়তো একা ছিলেন না। কারণ হামলার পর সন্দেহভাজনের ফেসবুক ও যোগাযোগের ইতিহাস মুছে ফেলা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ফিকোর ওপর হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজনকে প্রসিকিউটররা জুরাজ সি হিসেবে শনাক্ত করেছে। তার বয়স ৭১ বছর এবং তিনি একটি শপিংমলের সাবেক নিরাপত্তারক্ষী এবং লেখক।