চৌদ্দগ্রামে হিটস্ট্রোকে কৃষি শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে হিটস্ট্রোকে আহসান উল্যাহ নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার পাঁচরা বেপারী বাড়ির আইছ বেপারীর বড় ছেলে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান উল্যাহ বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার পাঁচরা এলাকায় তার শ্বশুর ফটিক মিয়ার কৃষি জমিতে কাজ করছিলেন। হঠাৎ দুপুর দেড়টায় তিনি তীব্র তাপদাহে মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আহসান উল্যাহর শ্বশুর ফটিক মিয়া বলেন, ‘আহত আহসান উল্যাহকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘তীব্র গরমে আহত আহসান উল্যাহ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি গরমের মধ্যে হার্ট অ্যাটাক করেছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় প্রেরণ করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।’