চৌদ্দগ্রামে কাঙ্খিত পদ না পেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আহবায়ক কমিটি থেকে  পদত্যাগ করেছেন মামুন মজুমদার নামের এক নেতা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে পোস্ট দিয়ে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি উপজেলা কমিটিতে ১নম্বর যুগ্ম সমন্বয়কারী পদে ছিলেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহবায়ক ব্যারিষ্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সৈয়দ আহসান টিটু অনুমোদিত এনসিপি চৌদ্দগ্রাম উপজেলার আহবায়ক কমিটির ঘোষণার পর পরই মামুন মজুমদার ফেসবুকে পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। আহবায়ক কমিটিতে মামুন মজুমদারকে সহ সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। 

ফেসবুক পোস্টে মামুন মজুমদার লিখেন, আমি সবসময় রাজনৈতিক ভাবে সচেতন ছিলাম তবে প্রকাশ্য রাজনীতি বিমুখতা ছিল, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তথা ২০২৪ জুলাই গণঅভ্যুত্থান থেকে দেশের ক্রান্তিকালে ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)! গঠন পর্যন্ত দায়বদ্ধতা থেকেই এনসিপি-র সকল কর্মসুচিতে সচেতন ভাবে অংশগ্রহণ করেছি।তবে ব্যক্তিগত কারনে অনেক আগে থেকেই আমি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত আমার নিকট আত্মীয় বন্ধু বান্ধব উপজেলা এনসিপি-তে যারা কাজ করছে তাদের জানাই। জেলা এনসিপি থেকে চৌদ্দগ্রাম উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন হলে সেখানে আমার নাম ও দৃষ্টিগোচর হয়। যা আমার নিজস্ব মতামত এর ভিত্তিতে হয়নি।তাই আমি ব্যক্তিগত কারনে চৌদ্দগ্রাম উপজেলা এনসিপি এর আহবায়ক কমিটি থেকে পদত্যাগ এর ঘোষণা দিচ্ছি।।নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাই।

পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, আমি কমিটি ঘোষণা এর আগে জানিয়েছিলাম কমিটিতে আমি থাকবো না। তারপরও চৌদ্দগ্রাম উপজেলার আহবায়ক কমিটিতে ভুলবশত আমাকে রাখা হয়েছে। তাই ফেসবুকে পোস্ট দিলাম তবে আমি জেলা কমিটির সদস্য হিসেবে থাকবো। 
 
 কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্য সচিব সৈয়দ আহসান টিটু সন্ধ্যা ৭টায় বলেন, মামুন মজুমদার লিখিত কোন পদত্যাগ পত্র জমা দেয়নি। তবে ফেসবুকের মাধ্যমে আমরা তার পদত্যাগ পোস্ট দেখেছি। ইতিমধ্যেই সহ সাংগঠনিক পদ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে। তবে আমরা ধারণা করেছি কাঙ্খিত পদ না পাওয়ার কারণে তিনি পদত্যাগের পোস্ট করেছেন ফেইসবুকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত