অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত জাভি হার্নান্দেজকে বরখাস্ত করল বার্সেলোনা। ব্যর্থতার দায়ভার নিয়ে গেল জানুয়ারিতে বলেছিলেন এই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন। তবে গেল এপ্রিল মাসে জানিয়েছিলেন, আরও এক মৌসুম থাকছেন তিনি।
কোচ জাভিকে বরখাস্ত করা নিয়ে কয়েক দিন ধরে গুঞ্জন ছিল, যা অবশেষে সত্যি হলো। জাভি ক্লাবের অর্থনৈতিক বিষয় এবং দল গঠন নিয়ে কথা বলেছিলেন; যা পছন্দ হয়নি বার্সেলোনা বোর্ডে থাকা কর্র্তৃপক্ষের। তাদের চাপেই জাভিকে বরখাস্ত হতে হলো।
বার্সেলোনার ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘বার্সেলোনা জাভিকে কোচ হিসেবে তার কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছে। পাশাপাশি খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে অনবদ্য ক্যারিয়ারের জন্যও তাকে ধন্যবাদ দিচ্ছে। ভবিষ্যতে ভালো কিছুর আশায় জাভির জন্য শুভকামনা রইল।’
আগামী রবিবার সেভিয়ার বিপক্ষে শেষ লিগ ম্যাচে জাভি শেষবারের মতো বার্সার ডাগআউটে দাঁড়াবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। ইউরোপিয়ান সংবাদমাধ্যমে খবর, বার্সার নতুন কোচ হতে যাচ্ছেন হান্স ফ্লিক।
২০২১-এর নভেম্বরে বার্সার দায়িত্ব নিয়েছিলেন জাভি। তার অধীনে বার্সেলোনা ১৪১ ম্যাচের ৮৯টিতে জয় পেয়েছে। একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে।