টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হলেন আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদির নাম ঘোষণা করেছে আইসিসি।

২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছিলেন আফ্রিদি। তার আগে ২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়।

শুভেচ্ছাদূত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফ্রিদি, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ এমন একটি প্রতিযোগিতা, যা আমার হৃদয়ের খুব কাছের। উদ্বোধনী আসরে টুর্নামেন্ট সেরা হওয়া থেকে শুরু করে ২০০৯ সালে ট্রফি উঁচিয়ে ধরা, আমার ক্যারিয়ারের প্রিয় কিছু মুহূর্ত এই টুর্নামেন্টে খেলে এসেছে।'

আফ্রিদি যোগ করেন, 'সাম্প্রতিক বছরগুলোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিধি ও শক্তি বেড়েছে। এবারের আসরের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত, যেখানে আমরা আগের চেয়ে আরও বেশি দল, আরও বেশি ম্যাচ এবং আরও নাটকীয় লড়াই দেখতে পাব।'

পাকিস্তানি এই অলরাউন্ডারের আগে শুভেচ্ছদূত হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিস গেইল, টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ বলে ৬ ছক্কা হাঁকানো যুবরাজ সিং ও অলিম্পিকে আটটি সোনাজয়ী উসাইন বোল্টের নাম।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেই দেখা হয়ে যাবে ভারত-পাকিস্তানের। সেই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত আফ্রিদি, '৯ জুনের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আমি অনেক রোমাঞ্চিত।'