কারিগরি ত্রুটির জন্য বন্ধ মেট্রোরেল 

কারিগরি ত্রুটির জন্য ১ ঘণ্টা ধরে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ঠিক মতো চলাচল করলেও হঠাৎ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন মেট্রোরেলের যাত্রীরা।

স্টেশনে আটকে থাকা একাধিক যাত্রী আজ শনিবার বিষয়টি দেশ রূপান্তরের কাছে নিশ্চিত করেছেন।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা মো. রাকিব দেশ রূপান্তরকে বলেন, উত্তরা থেকে মতিঝিল যাওয়ার পথে মিরপুর ১০ নম্বরে বন্ধ হয়ে যায় মেট্রারেল। ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও মেট্রোরেল চালু হয়নি। পরে বাধ্য হয়ে বিকল্প পথে যেতে হচ্ছে বলে জানান এই যাত্রী।

আরেক যাত্রী যুবায়ের রহমান জানান, সচিবালয় স্টেশনে এক ঘণ্টা অপেক্ষায় ছিলাম। তারপরও মেট্রারেল চালু হয়নি। এখন বাধ্য হয়ে মোটরসাইকেল দিয়ে মিরপুরে যেতে হবে। কয়দিন পর পর হুটহাট এই রকম বন্ধ যাত্রীদের জন্য বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জানা গেছে, মেট্রোরেলের ইন্টারনাল সার্ভার ত্রুটির জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিন্তু পৌনে আটটা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধই রয়েছে।

এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।