সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নাম প্রত্যাহার সাইফউদ্দিনের

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারসহ ২১ সদস্যের বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে নাম ছিল সাইফউদিনেরও। তবে নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের নাম প্রত্যাহার করে নেন এই পেস বোলিং অলরাউন্ডার। ব্যক্তিগত কারণ দেখিয়ে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতেই ক্যাম্পে থাকতে পারবেন না সাইফ।

আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সাইফউদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল। এর মধ্যে ৬ জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি, যেন সেসব খেলোয়াড়কে সাদা বলের ট্রেনিংয়ে রাখা হয়। অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিং–ও করবে।’

দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপু আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেইল পেয়েছি। সাইফউদ্দিন ফোনও করেছিল, জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না। তার স্ত্রী অসুস্থ এবং সন্তানসম্ভবা। এজন্য সে ১০ জুন পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবে না, ছুটি চেয়েছে। তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।’

আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে বাংলা টাইগার্স স্কোয়াডে থাকা সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ ও মেহেদি হাসান মিরাজের মতো অভিজ্ঞ তারকাদের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে।