শুভাগতর অনন্য ডাবল, অপেক্ষায় তরুণ নাঈম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পিএম

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শুভাগত হোম ও নাঈম আহমেদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে অনন্য কীর্তি গড়েছেন ময়মনসিংহের শুভাগত। রাজশাহীর হয়ে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেওয়া নাঈম ডাবল সেঞ্চুরির অপেক্ষায়।

কক্সবাজারে ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ২২৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ময়মনসিংহ বিভাগ। কিন্তু দিনের শুরুতেই মাত্র ৬ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। আগের দিনের সেঞ্চুরিয়ান মাহফিজুল ইসলাম ১১৬ এবং রিজান হোসেন ৪৪ রান করে ফিরে যান। পরে শুভাগত ও অধিনায়ক রাকিবুল হাসানের ১২৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। শুভাগত ৭১ ও রাকিবুল ৬১ রান করেন। শেষ পর্যন্ত ৩৮৭ রানে অলআউট হয় দলটি।

ব্যক্তিগত ৭০ রান পূর্ণ করার মধ্য দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শুভাগত। এর আগে ৩০০ উইকেট নেওয়া এই অলরাউন্ডার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের অনন্য কীর্তি গড়েছেন। ঢাকার হয়ে আমিনুল ইসলাম বিপ্লব চারটি এবং সুমন খান তিনটি উইকেট নেন। পরে দিন শেষে তিন উইকেটে ১২০ রান করেছে ঢাকা। অধিনায়ক নাঈম শেখ ৬৪ রানে অপরাজিত আছেন।

রাজশাহীতে বরিশালের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে স্বাগতিকেরা। পাঁচ উইকেটে ৪২৪ রান তুলে ১৯৫ রানের লিড নিয়েছে দলটি। রাজশাহীর হয়ে বাঁহাতি ব্যাটসম্যান নাঈম ডাবল সেঞ্চুরির অপেক্ষায় আছেন। আজ ১৭৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন তিনি। ২৩৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ২৫টি চারে। চতুর্থ উইকেটে সাব্বির রহমানের সঙ্গে তার ১৫২ রানের জুটি রাজশাহীকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। সাব্বির ৮৬ রান করে আউট হন। এ ছাড়া এসএম মেহেরব ৫৭ রানে অপরাজিত আছেন।

চট্টগ্রামে সিলেটের বিপক্ষে লড়াইয়ে প্রথম ইনিংসে ২০৬ রানে অলআউট হয়েছে রংপুর। দলটির হয়ে ওপেনার মিম মোসাদ্দেক ৫৯ ও অধিনায়ক আকবর আলী ৭৪ রান করেন। রংপুরের অফ স্পিনার নাঈম আহমেদ ৪ উইকেট শিকার করে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ তিন উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছে সিলেট। এতে ৭ রানের লিড পেয়েছে তারা।

এদিকে সিলেটে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ২৫০ রান করে গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস। শাহাদাত হোসেন দিপু ৫০, ইরফান শুক্কুর ৫৯ ও শামীম পাটোয়ারী ৫১ রানের ইনিংস খেলেন। খুলনার শেখ পারভেজ জীবন চারটি উইকেট নেন। প্রথম ইনিংসে ৪৯ রানের লিড পাওয়া খুলনা দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ১৬১ রান তুলে দিন শেষ করেছে। এতে ১১২ রানের লিড পেয়েছে তারা। আজিজুল হাকিম ১২ ও আফিফ হোসেন ৫৮ রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত